৫ অক্টোবর ২০১৫ - ০১:২১
মিনা ট্রাজেডি: মিশরের হাজি নিহতের সংখ্যা বেড়ে ১৩৮

সৌদি আরবের মিনায় সংঘটিত দুর্ঘটনায় মিশরের নিহত হাজির সংখ্যা বেড়ে ১৩৮ জনে দাঁড়িয়েছে।

আবনা ডেস্ক : সৌদি আরবের মিনায় সংঘটিত দুর্ঘটনায় মিশরের নিহত হাজির সংখ্যা বেড়ে ১৩৮ জনে দাঁড়িয়েছে। মিশরের ধর্ম বিষয়ক মন্ত্রী মোক্তার গোমা আজ (রোববার) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মিনার ঘটনায় তাদের দেশের এখনো ৯৬ জন হাজি নিখোঁজ রয়েছেন। এছাড়া, ১৭ জন চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, ইন্দোনেশিয়ার হাজি মৃতের সংখ্যা বেড়ে ১০০ হয়েছে। নতুন করে নয়জনের মৃত্যুর কথা নিশ্চিত করার পর মৃতের সংখ্যা ১০০-তে গিয়ে দাঁড়ালো। এছাড়া, ২৮ জন এখনো নিখোঁজ রয়েছেন এবং সৌদি হাসপাতালে ছয়জন চিকিৎসা নিচ্ছেন। ভারত বলেছে, এ পর্যন্ত তাদের ৫৮ জন হাজি নিহত হয়েছেন; পাশাপাশি ৭৮ জন নিখোঁজ রয়েছেন। পাকিস্তান জানিয়েছে, দেশটির ৫৭ জন নিহত, ৪৭ জন আহত এবং ১০২ জন নিখোঁজ হয়েছেন।
অন্যদিকে, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মাদ সাঈদ বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছেন যাতে করে নিশ্চিত হওয়া যায়- মিনার ঘটনায় কতজন হাজি নিহত হয়েছেন।#